শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
জাতীয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা : পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
01 Oct, 2026 01:55 PM 22 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল ও সংসদ—উভয় পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারই (১ অক্টোবর) তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র আজ দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লিখিতভাবে এই নির্দেশনা ফেরদৌসী আহমেদ মিষ্টির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে তিনি যেকোনো সময় স্পিকারের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে দল থেকেও পদত্যাগ করবেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই তিনি সংসদ ও দল থেকে পদত্যাগ করছেন। আজ বৃহস্পতিবারের মধ্যেই স্পিকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।’
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়া ও ভাঙচুরের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার বিষয়টি সামনে আসে। ওই দিন মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারি দলের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পরপরই আজ তাঁর দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত রূপ নেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ফেরদৌসী আহমেদ মিষ্টির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ট্যাগ: জাতীয়