আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। উৎসব উদযাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি বা অ্যালার্ট নেই। সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।'
তিনি জানান, এবার দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন করা হয়েছে, যা সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে দাঁড়াবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মণ্ডপগুলোর সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।
পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে এবার বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, এর আগে নির্বাচনের সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এই অ্যাপটি ব্যবহার করেছিল, যা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে দিতে সক্ষম। এর পাশাপাশি পুলিশ সদর দপ্তরসহ জেলা ও বিভাগীয় পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট, মানিকগঞ্জ ও দিনাজপুরে প্রতিমা ভাঙচুরের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঘটনাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সত্যতা পাওয়া গেলে আইজিপি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এছাড়া অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ এবং রাড্ডা ক্লিনিক ও মানিকদির ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।