তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী সভার মতামতের ভিত্তিতে সভায় একটি প্রস্তাবনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, "প্রকৃত সাংবাদিকেরা যাতে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং অ-সাংবাদিক কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা নিতে না পারেন, সে জন্য 'সাংবাদিক' ও 'গণমাধ্যম'-এর সংজ্ঞা সুস্পষ্ট হওয়া প্রয়োজন।"
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের মতো কোনো স্বাধীন বা নিবন্ধিত ব্যবস্থা চালু করা যায় কি না—সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নেওয়া যেতে পারে। একই সঙ্গে সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল ও দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীসহ বিভিন্ন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
এ ছাড়া অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।