পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা এবং নবী ও সাহাবিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ভারতের মাওলানা সাদ কান্ধলভীকে তওবা করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাদ কান্ধলভী ভুল স্বীকার করে দেওবন্দের ওলামাদের কাছে তওবা না করা পর্যন্ত তাকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) 'ওলামা মাশায়েখ বাংলাদেশ'-এর ব্যানারে আয়োজিত সম্মেলনে হেফাজত আমির এ দাবি জানান।
২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ঘটে যাওয়া সংঘাত ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
লিখিত বক্তব্যে হেফাজত আমির অভিযোগ করেন, ‘মাওলানা সাদ ইসলাম, নবুয়ত ও শরিয়তের বিভিন্ন মাসআলা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের মুরব্বিসহ আলেমরা চেষ্টা করলেও তিনি সংশোধন হতে রাজি হননি। সাদ কান্ধলভীকে বাংলাদেশে এনে সন্ত্রাসবিরোধী আইনে বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ও কাকরাইল মারকাজের কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 'শুরায়ি নেজাম' অনুযায়ী পরিচালিত হবে। সাদপন্থীরা ইজতেমা মাঠে কোনো হামলা বা কার্যক্রম চালাতে পারবে না।
অনুষ্ঠানে জামিয়াতুন নূর আল কাসিমিয়ার অধ্যক্ষ নাজমুল হাসান কাসেমী সরকারের কাছে সাত দফা দাবি সংবলিত একটি ঘোষণাপত্র পাঠ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা, সাদপন্থীদের 'সন্ত্রাসী গোষ্ঠী' ঘোষণা করা, ইজতেমা মাঠে তাঁদের প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং ওলামাদের বিরুদ্ধে বিদেশে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুল হামিদ (মধুপুর পীর), হেফাজতের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি প্রমুখ।