• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম

এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার–ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

রির্পোটার / ১০ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার কিংবা ভোট চোরদের ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি নতুন ও ন্যায্য বাংলাদেশের অপেক্ষায় আছে। সেই বাংলাদেশ গড়তে হলে পুরোনো ও ব্যর্থ রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। তিনি দাবি করেন, জনগণ এখন আর ভোট লুট, রাতের আঁধারে ফল বদল কিংবা প্রশাসনিক প্রভাব খাটানোর রাজনীতি মেনে নেবে না।

স্বাধীনতার পর দেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে দেশে দুই ধরনের ‘উন্নয়ন’ দেখা গেছে। একদিকে কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অন্যদিকে হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক লুট, শেয়ারবাজার ধস ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের মতো নেতিবাচক উন্নয়ন।

তিনি বলেন, “আমরা এই ধরনের উন্নয়ন আর চাই না। আমরা চাই জনগণের উন্নয়ন—১৮ কোটি মানুষের উন্নয়ন।” ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত পরিবর্তন আসবে।

জনসভায় জামায়াত ও জোটের অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনে ভোটারদের সজাগ থেকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও