ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিকেল ৪টার মধ্যে সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে।
ভোটের হার নিয়ে তিনি বলেন, ‘গণনা শেষে পুরোটা বলতে পারবো।’
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। ওই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৭৪৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ২২৩ ভোট পড়েছে।
