স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনো দিন রাজনৈতিক দল ছিল না। কারণ আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে গণতন্ত্রের কোনো বীজ ছিল না। তারা একটি স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণিত করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে ১৪০০-এর বেশি মানুষকে হত্যা করেছে—জাতিসংঘের হিসাব অনুযায়ী; আমাদের হিসাব মতে ২ হাজারের বেশি—যারা গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, এ দেশের নিরীহ জনগণকে হত্যা করেছে, তারা এখনো ক্ষমা প্রার্থনা করেনি। তারা দুঃখ প্রকাশ করেনি। উপরন্তু এ দেশে যারা ছাত্র গণঅভ্যুত্থানে জড়িত ছিল, যারা ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছে—ছাত্র-জনগণ—তাদেরকে তারা জঙ্গিবাদী তকমা দিয়েছে। তারা বলতে চেয়েছিল, তারাই তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়—সেটা আমার মনে হয় এ দেশের জনগণ কখনো গ্রহণ করবে না। এ দেশের জনগণ তাদেরকে কখনো সেই সুযোগ দেবে না। কে কখন আসতে চাচ্ছে, এসব নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক, তাদেরকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। যার সন্তানই হোক, সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। এরপর সব বিষয় জেনে কথা বলব।
