হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর তিন মাস বয়সী এক শিশু কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দ্বীপ ওই গ্রামের বিজয় শীলের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে শিশু দ্বীপকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
দ্বীপের কাকা বিপ্লব শীল একটি কেজি ও হাইস্কুলের সহকারী শিক্ষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক মাস ধরে কাকার বিভিন্ন সৃজনশীল ভিডিওতে নিয়মিত অংশ নিত শিশু দ্বীপ। তার নান্দনিক উপস্থিতি ও চমৎকার অভিনয়ের কারণে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিল সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে তিন বছর বয়সী শিশুটির মৃত্যুর খবর পেয়েছেন। পারিবারিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ভাতিজা দ্বীপের অকালমৃত্যুর বিষয়টি কাকা বিপ্লব শীল তার ফেসবুক পেজে শেয়ার করলে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে হাজার হাজার অনুরাগী ও সাধারণ মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন।
