বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের অপসংভূতির মতো আচরণ না করে পরম সহনশীল ও চরম দায়িত্বশীল হওয়ার জোর আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “রাজনীতি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া কিংবা ব্যক্তিগত ফায়দা লোটা বিএনপির সুদীর্ঘ লড়াই-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। সাধারণ মানুষের জায়গা-জমি দখল বা লুটপাটের মতো কোনো হীন কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীরা জড়াবেন না—দলে এই আচরণ শতভাগ নিশ্চিত করতে হবে।”
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপির মূল লক্ষ্য হলো দেশে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। কে কোন পদ পেলেন-সেটি বড় কথা নয়। সরকারের ভাবমূর্তি বজায় রাখা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সার্বিক সহযোগিতা করা আমাদের রাজনৈতিক ঈমানি দায়িত্ব। তৃণমূলের নেতাকর্মীরাও এই সরকারের অংশ, তাই প্রত্যেককে রাজপথে ও সমাজে সুশৃঙ্খল উদাহরণ সৃষ্টি করতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করে রিজভী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত অপশক্তি ও তাদের বিদেশি মদদদাতারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তাই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাইদের সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের অভেদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বেচ্ছাসেবক হিসেবে মণ্ডপে মণ্ডপে প্রহরা ও নজরদারি বজায় রাখতে হবে, যেন কোনো চক্রান্তকারী অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।
চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ডিজেলসহ জ্বালানি সরবরাহে টান পড়েছে, যা আমাদের কৃষি খাতের বিশেষ করে শীতকালীন ফসল ও সবজি উৎপাদনের জন্য উদ্বেগজনক। জ্বালানি সংকটে গৃহস্থালির রান্নার চুলা ও শিল্প-কারখানা সচল রাখাই যেখানে চ্যালেঞ্জ ছিল, সেখানে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে স্বস্তিতে রাখতে সরকারকে যেমন কঠোর হতে হবে, তেমনি এই জাতীয় সংকট মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদেরও সহযোগিতার মনোভাব নিয়ে জনগণের পাশে থাকতে হবে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুলসহ দলটির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
