সিটি করপোরেশন পরিচালনায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমাদের এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা আগামী দিনে সুন্দর দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’
রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 'নগর উন্নয়ন ফোরাম ঢাকা' এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘ডেঙ্গু শুধুমাত্র একক কোনো গোষ্ঠীর সমস্যা নয়, এটি সবার সমস্যা। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তার যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘শুধু সরকারের পক্ষে একা ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমাদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোথাও পানি জমে না থাকে। এই সচেতনতা শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকেই।;
শেরেবাংলা নগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
