উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটের জন্যই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম আজ বুধবার রাত ১২টা (পহেলা প্রহর) থেকে কার্যকর হবে।
ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।
এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইটে তা ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সেই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ১১ ডলার বা ১১ সেন্ট বেড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর গড় বাজারমূল্য (প্লাটস রেট) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে এ মূল্য সমন্বয় করেছে বিইআরসি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর প্রদত্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের জন্য নতুন এই দর নির্ধারণ করা হয়।
