রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর আপন মামাতো ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। অভিযোগ অনুযায়ী, তার বাসা থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করা হয়। অভিযুক্ত ব্যক্তি হলেন তার মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)। চুরি করা অলঙ্কার তিনি মানিকনগরের একটি স্বর্ণের দোকানে বিক্রি করেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে বাসার আলমিরার ড্রয়ারে রাখা ১১ ভরি স্বর্ণালঙ্কার চুরি করেন সৌমিক। চুরি হওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে—৫ ভরি ওজনের একটি পূর্ণ সেট, দুই ভরির তিনটি চেইন, এক ভরির তিনটি ব্রেসলেট, এক ভরির দুটি চুড়ি এবং এক ভরির চার জোড়া কানের দুল। এসব অলঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে সৌমিক চুরির কথা স্বীকার করেন এবং জানান, চোরাই স্বর্ণালঙ্কার তিনি মানিকনগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি দোকানে বিক্রি করেছেন।
পুলিশ সূত্র জানায়, প্রথমে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে মামলা দায়ের হলে তদন্তের অংশ হিসেবে সৌমিককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণালঙ্কার কেনার অভিযোগে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম বাহাদুর জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।