শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। তাদের ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, আগাম জামিন চেয়ে রোববার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। তার মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী থানায় তার স্ত্রী মার্জিয়া একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ৭৩৪ জন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠান চলাকালে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।
পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজ দলের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে অগ্রসর হতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।
এই সংঘর্ষে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।