Busimess

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরদেহগুলো দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন।

সোমবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানায় কর্মরত ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘রিয়াদের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নিহত প্রবাসী শ্রমিকদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। মরদেহ দেশে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তকরণ এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের নিজ নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।