নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার চার চেনা মুখ ওমর সানী, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর। পর্দায় তাঁদের সম্পর্কের সমীকরণ কখনো ছিল নায়ক ও খলনায়কের বৈরিতার, কখনো আবার গভীর সৌহার্দ্যের। রুপালি পর্দার বাইরে তাঁদের ভেতরের চমৎকার বন্ধুত্বের বন্ধন যে এখনো একবিন্দু মলিন হয়নি, তারই প্রমাণ মিলল সম্প্রতি। জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বাসায় এক হয়েছিলেন এই চার তারকা। দীর্ঘদিন পর চার বন্ধুকে এক ফ্রেমে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার ভক্তরা।
সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বন্ধুদের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি ও অনুভূতি প্রকাশ করেছেন ওমর সানী।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে চার তারকাকে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হতে দেখা গেছে। নব্বইয়ের দশকের চলচ্চিত্রের সোনালি দিনের চার তারকাকে এভাবে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই তাঁদের অভিনীত পুরোনো দিনের প্রিয় সিনেমাগুলোর স্মৃতিচারণ করছেন মন্তব্যের ঘরে।
বন্ধুদের বর্তমান ব্যস্ততা ও ভৌগোলিক অবস্থানের কথা জানাতে গিয়ে ফেসবুক পোস্টে কিছুটা রসিকতা করে ওমর সানী লেখেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান আপাতত প্রবাসজীবন কাটাচ্ছেন। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগরের আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায়, প্লেনের মধ্যে অনেক জ্বালা।’
সম্প্রতি অমিত হাসান দেশে ফেরার পর এই চমৎকার আড্ডার আয়োজন করেছিলেন পর্দার দাপুটে অভিনেতা মিশা সওদাগর। সে প্রসঙ্গে ওমর সানী লিখেছেন, ‘অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলেন তার বাসায়। আর হয়ে গেলাম নব্বই দশকের ভালোবাসার ইতিহাস।’
নব্বইয়ের দশকে যখন ঢাকাই সিনেমা জমজমাট সময় পার করছিল, তখন এই চার তারকা নিয়মিতই দর্শকদের হলমুখী করেছেন। সময়ের আবর্তনে জীবনের গতিপথ এবং কাজের ধরন বদলালেও তাঁদের ভেতরের এই অমলিন বন্ধুত্ব দর্শকদের মনে করিয়ে দিল ঢালিউডের সেই সোনালি অধ্যায়ের কথা।