দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান হলে এ দেশের সচেতন জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার ( ১০ আগস্ট ) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন,
‘দেশে নতুন করে আরেকটি ফ্যাসিবাদ তৈরির চেষ্টা চলছে। তবে এ দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা আর কোনো ধরনের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থান বরদাশত করবে না।’
তিনি আরও বলেন, অতীতে জনগণের রায়কে অগ্রাহ্য করে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। তাই অনতিবিলম্বে ফ্যাসিবাদের সব রাস্তা বন্ধ করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যারা অন্যায়, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা সমাজের আবর্জনা। অবিলম্বে সাইফুল্লাহ ও সালাউদ্দিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ একই সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার দাবি জানান তিনি।
গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমির আব্দুল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। এতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।