দেশে রাজনৈতিক, সামাজিক, স্বাধীন সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক, নির্বাচন ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মানবাধিকার ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিনিয়ির আইনজীবী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ তিনি বলেন, ‘আদালতে ন্যায্য বিচার নেই। সমাজের বিবেক জাগ্রত নেই।’
আয়কর আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, আগে আপিল ও ট্রাইব্যুনালে স্বাধীন বিচার ব্যবস্থা ছিল, যা এখন আর নেই। বর্তমানে আপিল ও ট্রাইব্যুনাল আইনানুগভাবে কর নির্ধারণ হয়েছে কি না তা দেখে না; বরং সঠিক বিচার করলে কত টাকা কর কমে যাবে, তা দেখা হয়। কর নির্ধারণকালে উপকর কমিশনারের আইনানুগ ত্রুটি আছে কি না, তাও তারা দেখেন না বলে তিনি অভিযোগ করেন।
আব্বাস উদ্দিন বলেন, উচ্চ আদালতের বিচারকরা তাদের পূর্ববর্তী সিনিয়র বিচারকের রায়ের রেফারেন্স মানেন না। আবার বিচারকরা স্বাধীনভাবে সাহস নিয়ে যুক্তিসংগত ন্যায়বিচারও করেন না, ফলে মামলা নিষ্পত্তি হয় না। বিচারকের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে এবং পরকালের কথা ভেবে আল্লাহকে ভয় করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগের দিনে আপিল ও ট্রাইব্যুনালে ছিল স্বাধীন বিচার ব্যবস্থা, যা এখন আর নেই।’ তার অভিমত, পুরো রাজস্ব বোর্ড সংস্কারসহ রাজস্ব আইন সহনশীল ও রাজস্ব বিচার ব্যবস্থা সংশোধন একান্ত জরুরি। তা যদি পূর্বের ধারাবাহিকতায় ফেরানো না যায়, তাহলে অদূর ভবিষ্যতে দেশের সাধারণ মানুষ বা করদাতারা রাষ্ট্রকে রাজস্ব প্রদান থেকে মুখ ফিরিয়ে নেবে। ফলে রাষ্ট্র রাজস্ব দুর্ভিক্ষে পড়বে এবং দেশ অর্থনৈতিক মন্দার চাপে পড়বে।
তিনি আরও বলেন, ‘পূর্বের ধারাবাহিকতার আলোকে বর্তমানে দেশে বিচারবিহীন অত্যাচারের শিকার হচ্ছেন পদে পদে সাধারণ মানুষেরা।’ আইনজীবীরা আইনজীবীদের শত্রু এবং মানুষে মানুষে হানাহানি চলছে বলে তিনি উল্লেখ করেন। এসব কারণে দেশের সাধারণ মানুষ আস্তে আস্তে সরকারের বিরুদ্ধে চলে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক।
