শ্রম আইন ও বিধিবিধান লঙ্ঘন করে নির্বাহী আদেশে জারি করা একটি ‘বেআইনি’ পত্র প্রত্যাহার এবং শ্রম ভবনের কথিত ‘সিন্ডিকেট’ ভাঙার দাবিতে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (বি-১৮৬৪)। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ‘ফ্যাসিস্টদের কমিটি’ অনুমোদন না দেওয়ার দাবিতেও এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি শরাফত হোসেন এবং পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মো. শাহাদাত হোসেন খান। সভায় শাহাদাত হোসেন খান বলেন, অনতিবিলম্বে শ্রম ভবনের দেওয়া ১৮৬৪ নম্বরের ‘অবৈধ’ পত্র প্রত্যাহার করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী ‘ফ্যাসিস্টদের কমিটি’ অনুমোদন দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান, তাঁদের অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানান তিনি। এ ছাড়া পরিবহন খাতের চাঁদাবাজদের তালিকা তৈরি করে গ্রেপ্তারের দাবি জানিয়ে নিরীহ মালিক ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে শরাফত হোসেন পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র প্রদান, চিকিৎসা ভাতা ও মজুরি নির্ধারণের আবেদন জানান। সভার প্রধান বক্তা রেজাউল ইসলাম রাজু শ্রম ভবনে ‘ফ্যাসিস্টদের আগ্রাসন’ বন্ধ না হলে কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
সভায় আরও বক্তব্য দেন নুরুল আলম, নুরুজ্জামান, আব্দুল মমিন সুরুজ, সাজিদুর রহমান সাজু ও নুরুল আমিনসহ অন্যান্য নেতারা। এদিকে কর্মসূচিতে তোলা অভিযোগগুলোর বিষয়ে শ্রম ভবন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
