বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮৬ বছর বয়সী ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে তিনি ঠিক কবে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং স্পিকার তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল এবং এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি বলে সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করেছে। সূত্রমতে, সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। পদত্যাগের বিষয়ে এম ওসমান ফারুক বা দলের দায়িত্বশীল কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা ওসমান ফারুক এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে জয়ী হয়েছিলেন। ওই সময় বিএনপি–জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
