চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
