ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। এতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মেঘনা পাড়ের জেলে পল্লীগুলো।
বৃহস্পতিবার সরেজমিন চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার, টিলাবাড়ি, বড় স্টেশন, পুরান বাজার রনাগোয়াল, ইব্রাহীমপুর রামদাসদী ও বহরিয়া, লালপুর প্রভৃতি এলাকায় গিয়ে দেখা গেছে জেলেরা তাদের জাল মেরামত করছেন। প্রস্তুতি হিসেবে নৌকা মেরামত করছেন জেলে এবং মিস্ত্রিরা।
আনন্দ বাজার এলাকার জেলে ইসমাইল হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে তারা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। যে কারণে জাল ও নৌকা মেরামত করা হচ্ছে।
অনুরূপ কথা জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের রামদাসদী গ্রামের জেলে ইলিয়াছ হোসেন, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া গ্রামের জেলে রমজান মিজি।
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর শেষ হচ্ছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সবগুলো ইউনিট আন্তরিকভাবে কাজ করেছেন। আইন অমান্যকারী সাড়ে তিনশ’ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
