যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাংকসগিভিং ডে উৎসব। ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম স্থগিত হয়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উদযাপিত হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে এই উৎসব শুরু হয়, পরে তা দেশের অন্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রজুড়ে থ্যাংকসগিভিং ডে উদযাপিত হলেও এই উৎসবের প্রাণকেন্দ্র এখনো নিউইয়র্ক। থ্যাংকসগিভিং ডে-তে নিউইয়র্ক সিটিতে ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ অনুষ্ঠিত হয়; কিন্তু ঝড়ের কারণে গতকাল বৃহস্পতিবার এই পদযাত্রা হয়নি। গত ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং ৪৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে ঝড়ের কারণে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মার্কিন বিদ্যুৎ পরিবেশনা পর্যবেক্ষণকারী সংস্থা ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের পাশাপাশি পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৯ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।
ঝড়ের কারণে থ্যাংকসগিভিং ডে উৎসবের প্রধান অনুষঙ্গ মেসিস থ্যাংকসগিভিং ডে পদযাত্রা স্থগিত করতে বাধ্য হয়েছে নিউইয়র্ক প্রশাসন। বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন। ভিডিওবার্তায় তিনি বলেন, “প্রিয় নিউইয়র্কের বাসিন্দারা, আমরা এখন ঝড়ের মুখে আছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১০০তম বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড’ আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।”
ঝড় থেকে নিরাপদ থাকতে নিউইয়র্কবাসীর প্রতি ঘরে থাকা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং নিউইয়র্কের জরুরি সেবা দপ্তরের সঙ্গে সারাক্ষণ সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন মামদানি।
সূত্র: এপি নিউজ
