‘প্রতিটি সম্পর্কের গায়ে সাঁটানো থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ’— কবির এই বাণী সম্পর্কের এক কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। তবে সচেতনতা ও সদিচ্ছা থাকলে ভাঙনের মুখ থেকেও প্রিয় সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন জীবনের বেশ কিছু অসচেতন আচরণ ও ভুল ধীরে ধীরে সম্পর্কের ভিত দুর্বল করে দেয়।
যে ৪টি অভ্যাসের কারণে আপনার প্রিয় সম্পর্কটি ফিকে হয়ে যেতে পারে:
১. ‘আমি ঠিক আছি’ বলা বন্ধ করুন
মনোযোগ বা সহানুভূতি পাওয়ার আশায় কিংবা ক্ষোভ লুকাতে সঙ্গীকে বারবার ‘আমি ঠিক আছি’ বলা অনেকেরই অভ্যাসে পরিণত হয়। গবেষণা বলছে, প্রায় ৩৯ শতাংশ মানুষ প্রতিদিন নিজেদের সঙ্গীর কাছে এই বাক্যটি ব্যবহার করেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের পরোক্ষ অসন্তোষ প্রকাশের ফলে সম্পর্কের পারস্পরিক যোগাযোগের মূল সেতুটিই একপর্যায়ে ভেঙে পড়ে।
২. ক্ষোভ জমিয়ে রেখে সংঘাত এড়িয়ে চলা
প্রায় ২৮ শতাংশ মানুষ সম্পর্কে ঝগড়া বা দ্বন্দ্ব এড়াতে নীরব থাকেন। আপাতদৃষ্টিতে একে ইতিবাচক মনে হলেও এটি দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য ক্ষতিকর। মনোবিদদের মতে, ক্ষোভ জমিয়ে না রেখে যুক্তিপূর্ণ ও খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি নিরসনে বেশি সাহায্য করে।
৩. জয়ী হওয়ার মানসিকতা ত্যাগ করে শুনুন
কথোপকথনের সময় কেবল নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা সম্পর্ককে প্রতিযোগিতায় পরিণত করে। সম্পর্কে 'জিতে যাওয়ার' মানসিকতা ভুলে গিয়ে মন দিয়ে সঙ্গীর কথা শোনা ও পরস্পরকে বোঝার চেষ্টা করাই শ্রেয়।
৪. ফোনেই ব্যস্ত থাকা পরিহার করুন
সমীক্ষায় দেখা গেছে, ৩১ শতাংশ মানুষ সঙ্গীর সঙ্গে কথা বলার সময়ও মুঠোফোনের স্ক্রিনে ব্যস্ত থাকেন। প্রাথমিক পর্যায়ে এটি সাধারণ মনে হলেও ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, যা সঙ্গীর মনে অবহেলা ও দূরত্বের সৃষ্টি করে।
