আসন্ন ১ নং মাধবখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. হালিম হাওলাদার (আব্দুল হালিম)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ১ নং মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম হাওলাদার বলেন, ‘আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার মূল শক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন ও দোয়ায় আমি সিক্ত ও কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আজ আমি আবেগ আপ্লুত। আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে এবং একটি আদর্শ, সুখী ও সমৃদ্ধশালী ইউনিয়ন গড়তে আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
