রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে। আর গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৮০০ টাকা। বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।
এদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার সরেজমিনে ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু, আর বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা কেজি।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল মাছ ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের চেয়ে মাছের দাম একটু বেশি থাকে। ১০ থেকে ২০ টাকা তফাত থাকে। আর মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেশি কমেনি, আবার বেশি বাড়েনি। দাম বাড়লে আমাদের সমস্যা হয়। বেশি পুঁজি লাগে।
দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে। দেশি শিং মাছের কেজি ১ হাজার টাকা। আর সাগরের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, আজ শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাস আর কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম আছে।
মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।
অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে মাংস বিক্রেতা মো. লিটন বলেন, ‘মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেওনি।’
