ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা জোরদার এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগ উপকরণের ঘাটতি কমানোর পাশাপাশি ব্যবসা ও অবকাঠামো খাতে অর্থায়ন বাড়ানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ। আন্তর্জাতিক ইসলামী অর্থায়নের বাজারের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনো অনেক পিছিয়ে। এ বাজারের বিকাশে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শিল্প ও ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিও সম্ভব।
ডেপুটি গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ায় বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হচ্ছে। একই সঙ্গে অর্থায়নের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। শরিয়াহসম্মত বিনিয়োগ উপকরণের সীমিত প্রাপ্যতা ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ ও তারল্য ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করছে। পরিকল্পিত সুকুক ইস্যুর মাধ্যমে এ সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ
আমানতকারীদের স্বার্থ রক্ষা, সুশাসন জোরদার এবং ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেপুটি গভর্নর বলেন, ইসলামী ব্যাংকিং খাতে সুশাসনের দুর্বলতা দূর করা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে নীতি, আইন ও কাঠামোগত সংস্কার অব্যাহত থাকবে।
আলাদা ইসলামী ব্যাংকিং আইন হচ্ছে
ইসলামী ব্যাংকিং খাতের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ কাঠামো বিবেচনায় নেওয়া হচ্ছে।
ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে নিয়ন্ত্রক বিধিবিধানের সামঞ্জস্য এবং শরিয়াহ নীতিমালা পরিপালন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে পৃথক ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এবং কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করেছে।
এ ছাড়া মুরাবাহা, বাই ও হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম)সহ ইসলামী অর্থায়নের বিভিন্ন উপকরণের পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার নির্দেশিকাও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করতে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে।
ডেপুটি গভর্নর সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংকিংয়ের নামে আর্থিক খাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
এসএমই ও কৃষিতে ঋণ বাড়ানোর তাগিদ
ইসলামী ব্যাংকগুলোর ঋণ বিতরণ অল্প কয়েকটি বড় করপোরেট গ্রুপের মধ্যে কেন্দ্রীভূত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ডেপুটি গভর্নর। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন অঞ্চলের যেসব উদ্যোক্তা এখনো প্রাতিষ্ঠানিক ঋণসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।
উৎপাদনশীল খাত ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থায়ন বাড়ানো গেলে ঋণ বিতরণে বৈচিত্র্য আসবে। এতে বড় করপোরেট ঋণগ্রহীতাদের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ইসলামী ব্যাংকিং খাত আরও স্বচ্ছ, আস্থাযোগ্য ও টেকসই হবে।
