রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জের হাসনাবাদে ইস্টওয়েস্ট প্রোপার্টিজ ডেভেলপমেন্টের রিভারভিউ প্রকল্পের ডিজিএম (অ্যাডমিন) ক্যাপ্টেন (অব.) রিফাত ইবনে জামাল জানান, হামলাকারীরা ইট নিক্ষেপ করে অফিসের সামনের দেয়ালের প্রায় সব কাচ ভেঙে ফেলে। অফিসের সামনে থাকা একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। পুরো ঘটনাটি ঘটাতে হামলাকারীদের মাত্র এক মিনিট সময় লেগেছে। তারা পরিকল্পনা করেই এসেছিল বলে মনে হচ্ছে। দ্রুত এসে ভাঙচুর চালিয়ে আবার মোটরসাইকেলে করে চলে যায়।
বসুন্ধরা রিভারভিউ অফিসের নিরাপত্তা প্রহরীরা জানান, আমরা কোন কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করেই হামলা ও ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বসুন্ধরা রিভারভিউ অফিসে এ হামলার ঘটনা ঘটে। আনুমানিক ৪০ থেকে ৫০ জন হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ইট নিক্ষেপ করে অফিসের কাচের গ্লাস ভাঙচুর করে। এ সময় তারা সেখানে কিছুক্ষণ আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, হামলাকারীরা বসুন্ধরা চেকপোস্ট দিয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর পর সারিঘাটের দিকে চলে যায়। তারা সবাই মোটরসাইকেলযোগে এসেছিল।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে হামলার আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
