কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার বিষয়টি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে একই দাবি করেন। পোস্টে বলা হয়, এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা, একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তালহা প্রশ্ন করেন, ‘একজন এমপির বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
এনসিপি নেতা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কুষ্টিয়াসহ সারাদেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয়।
