জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আর আওয়ামী লীগ আন্দোলনের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো!' লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। গতকাল মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।
তিনি আরও লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলেন। আর এই সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক পরিচয়ে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়ে চলে যায় বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
