সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৭১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ২৩ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা বিভাগের (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১৭১টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
স্কোয়াড্রন লিডার সাকিব জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাজাহানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।
