খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৪৫) নিহত হয়েছেন।
রোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদসংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এই হামলার শিকার হন। নিহত হুমায়ুন কবির ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জের ধরে আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর এই প্রাণঘাতী হামলা চালিয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে।
