বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ রাজবাড়ি কমিউনিটি সেন্টারে এই সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সবক তুলে দেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি ও অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কুরআন তিলাওয়াত করে। এছাড়া আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করে এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে শুধু কুরআন মুখস্থ করলেই চলবে না, এর প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও উত্তম চরিত্রের পরিচয় দেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
