আয় নিয়ে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শর্ত আরও কঠিন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে মনিটাইজেশনের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে এ প্ল্যাটফর্মটি। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করার ক্ষেত্রে ওয়াচটাইম ও ভিউয়ের সীমা আগের তুলনায় একলাফে দ্বিগুণ করা হচ্ছে।
নতুন নীতিমালা অনুযায়ী, বিজ্ঞাপনের আয় চালুর জন্য গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম (ভিডিও দেখার সময়) থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি শর্টস ভিডিও ভিউ পার করতে হবে। বর্তমানে এই সীমা যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম এবং ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবার থাকার পুরোনো শর্তটি অপরিবর্তিত থাকবে।
নতুন এই নিয়মের ধাক্কা সামলাতে হবে আগে থেকে মনিটাইজেশন পাওয়া নির্মাতাদেরও। শর্টস থেকে প্রতি মাসে ধারাবাহিক আয় বজায় রাখতে গত ৯০ দিনের মধ্যে ১ কোটি যোগ্য ভিউ ধরে রাখতে হবে। যদি কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে যায়, তবে শর্টস থেকে আয় সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। অবশ্য চ্যানেলটির মূল মনিটাইজেশন বজায় থাকবে এবং ভিউ আবার নির্ধারিত সীমায় পৌঁছালে আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালের পর এবারই তারা মনিটাইজেশন নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন আনছে। মূলত প্ল্যাটফর্মটিতে শর্টসের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত।
২০২৪ সালে যেখানে প্রতিদিন গড়ে ৭ হাজার কোটি শর্টস দেখা হতো, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০ হাজার কোটি ছাড়িয়েছে। ইতোমধ্যে যারা শর্টস থেকে ভালো আয় করছেন, তাদের ওপর এর প্রভাব কম পড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ছোট নির্মাতাদের জন্য কিছু সুযোগও রাখছে ইউটিউব। ৫০০ সাবস্ক্রাইবার, ৯০ দিনে তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে প্রাথমিক স্তরের মনিটাইজেশনে যুক্ত থাকা যাবে। এই স্তরে সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করা না গেলেও ইউটিউব শপিং ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করার মতো সুবিধা উন্মুক্ত থাকবে।
এছাড়া ভিডিও নির্মাতাদের উৎসাহ দিতে ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ নিয়ে নতুন পরিকল্পনা করছে সংস্থাটি। প্রিমিয়াম লাইট চালুর পর গ্রাহকদের দেওয়া সাবস্ক্রিপশন আয়ের নিট ৬০ শতাংশ অর্থ যাবে নির্মাতাদের তহবিলে, যেখানে পূর্ণাঙ্গ প্রিমিয়ামের ক্ষেত্রে এই হার ৩০ শতাংশ। ভিডিও দেখার ব্যাপ্তি অনুযায়ী নির্মাতাদের মধ্যে এই অর্থ বণ্টন করা হবে।