হিমালয়কন্যা নেপালের ইয়ালুং রি পর্বত থেকে ৯ মাস ধরে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের নভেম্বরে আরোহণের সময় তুষারধসে তারা নিখোঁজ হয়েছিলেন।
সোমবার (১১ আগস্ট) নেপালভিত্তিক পর্বত অভিযান সংস্থা ‘ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন’ মরদেহগুলো খুঁজে পায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ৭১৭ ফুট উচ্চতায় মরদেহগুলোর সন্ধান মেলে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজন বিদেশি ও দুজন নেপালি নাগরিক। বিদেশি তিন পর্বতারোহী যথাক্রমে কানাডা, ইতালি ও জার্মানির নাগরিক। নেপাল সরকার ইতিমধ্যে তাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন-কানাডার মার্কো ডি মার্সেলো, ইতালির মার্কোস কির্চলার এবং জার্মানির জ্যাকব স্ক্রেইবার। নিহত দুই নেপালি নাগরিকের নাম পাদাম তামাং ও মেরে কার্কি।
উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি একটি ১৮ হাজার ৪৭১ ফুট (৫,৬৩০ মিটার) উঁচু পর্বত। কারিগরি জটিলতা কম থাকায় নতুন পর্বতারোহীদের কাছে এটি বেশ জনপ্রিয়। তবে এখানে আরোহণের জন্য হিমবাহে চলাচলের প্রাথমিক দক্ষতা থাকা জরুরি।
ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের প্রধান পরিচালন কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, মরদেহগুলো উদ্ধার করে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁদের পরিবারের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে।