মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।
মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সন্তান ও সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা ও সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে আল্লাহর দরবারে শহীদদের মাগফিরাত কামনা করেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সম্মানী ও সংবর্ধনা পেয়েছেন, আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
বিএনপির রাষ্ট্র পরিচালনার সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
বীর মুক্তিযোদ্ধাদের বয়স ও অবদানের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সময়ের নিয়মে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর এ ধরনের যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, সে জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর প্রতি সরকারের অঙ্গীকার তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ—বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত সেই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
