রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং এসআরইউ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মো. আকতার হোসেন বলেন, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
