সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত এবং সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে অনিয়ম চিহ্নিত করা এবং তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের সিদ্ধান্ত হয়।
কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে তাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল এমপি ও মোছা. সাবিরা সুলতানা।
বৈঠকে সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে।
তিনি বলেন, সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।
