• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চাইলেন আখতার

রির্পোটার / ১৩ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাকে সঙ্গে নিয়ে রংপুরের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। সেখানে তাঁর মা ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার। তবে তাঁর নিজের ভোটার এলাকা ঢাকায় হওয়ায় তিনি ভোট দিতে পারেননি।

আখতার হোসেন অভিযোগ করেন, ১১-দলীয় জোটের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হেনস্তা করা হয়েছে এবং নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হলে প্রশাসনকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘শাপলা কলির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রংপুর-৪ আসনের মানুষ উন্নয়নের স্বার্থে শাপলা কলিকেই বেছে নেবে।’ একই সঙ্গে বড় ব্যবধানে বিজয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন—এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করায় ওই আসন বাদে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও