অন্তর্বর্তী সরকারের সময় শেষে এবার নির্বাচিত সরকারের অপেক্ষায় পুরো বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পেরোলেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করছেন।
শোবিজ অঙ্গনের তারকারাও এ প্রত্যাশা প্রকাশ থেকে পিছিয়ে নেই। এরই মধ্যে চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথা জানান।
ববিতা বলেন, “আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। তাই সিনেমার সব বিষয়েই আমি ভালো চাই। নতুন সরকারের কাছেও আমার প্রত্যাশা থাকবে, তারা যেন চলচ্চিত্র ও বিনোদনের এই মাধ্যমের দিকে বিশেষ নজর দেন। আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি।”
উল্লেখ্য, আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।