সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের নির্বাচনী মুখপাত্র মাহদী আমিন।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন বলেন, “অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হয়েছেন। নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিরোধে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। সেই পরিস্থিতিতে একটি জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতা এত বিপুল পরিমাণ অর্থ কী উদ্দেশ্যে বহন করেছেন— এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।”
তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও এত টাকা বহনের বিষয়টি সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারছে। “সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই,”— যোগ করেন তিনি।
নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তুলে মাহদী আমিন দাবি করেন, এই ঘটনা সংশ্লিষ্ট দলের রাজনৈতিক দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বহন করে।
তিনি অভিযোগ করেন, ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার চেষ্টা এবং ‘জান্নাতের টিকিট’ বিক্রির মতো প্রচারণা সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও বলেন, বিএনপির জনপ্রিয়তায় একটি গোষ্ঠী উদ্বিগ্ন হয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি তাদের অবস্থানে অটল থাকবে বলেও জানান তিনি।