• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নজরুল ইসলাম খান: “যাদের কথায় আপ্লুত হই, তারাই ভোটারদের টাকা দিচ্ছেন”

রির্পোটার / ১৪ পাঠক
আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। এসময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহও উপস্থিত ছিলেন।

বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, “টকশোতে যাদের কথায় আমরা আশান্বিত হই এবং আপ্লুত হই, ঠিক সেই ধরনের মানুষই ভোটারদের টাকা দিচ্ছে। বিষয়টি কমিশন কীভাবে দেখছে তা জানতে চেয়েছি। কমিশন জানিয়েছে, তারা আইনানুগ ব্যবস্থা নেবে।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “যারাই অন্যায়, অনৈতিক ও বেআইনি কাজ করবে, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের আগে ভোটারদের টাকার ঘটনা সহ নানা অনিয়ম ঘটছে। এসব বিষয় কমিশনের নজরে আনা হয়েছে। তারা দেখবে।”

নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে নির্দেশনা

তিনি বলেন, “বিএনপি চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের প্রার্থী ও এজেন্টদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। নির্বাচন শান্তিপূর্ণ হোক, এজন্য কমিশন যেন আইনানুগ ভূমিকা পালন করে।”

নজরুল ইসলাম খান মন্তব্য করেন, “মিডিয়ায় দেখি লাখ লাখ নারীর বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট পেপার ছাপানো হচ্ছে, সিলসহ ধরাও পড়ছে। নির্বাচন কমিশন এসব দেখার পরও ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচনের দিন নয়, আগেই কেন নজরে আসে না?”

তিনি জানান, “আইন অনুযায়ী প্রত্যেকের দায়িত্ব কঠোরভাবে পালন করা উচিত। কিছু গুজবও হতে পারে, যেমন মাঠ পর্যায়ে কোন ডিসি বা কর্মকর্তার পক্ষপাতিত্ব। কমিশনকে খেয়াল রাখতে হবে, যাতে কোন কর্মকর্তার কর্মকাণ্ড কোনো দলের পক্ষে বা বিপক্ষে না যায়। এমন কিছু নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”

ব্যালট বক্স নিয়ে সতর্কতা

নির্বাচনের দিন ব্যালট বক্স বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, “মাঠে ব্যালট বক্স পৌঁছানো সব সময় সহজ নয়, বিশেষত দুর্গম এলাকায়। রাতের বেলা পাঠানো ঝুঁকিপূর্ণ। তবে ব্যালট বক্স স্বচ্ছ হবে, চারটি লক থাকবে। ভোটার সংখ্যা অনুযায়ী লক আরও যোগ করা হবে। শেষে যখন বক্স খোলা হবে, তা প্রার্থীদের এজেন্টদের সামনে করা হবে।”

নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, “এখনো নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের দলসহ সব অংশগ্রহণকারী দল চাইছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আশা করি, বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও