বাগেরহাটে যাত্রীবাহী মাহেন্দ্র ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন—মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭) এবং একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।







