১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বীথিসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সাফিকুর রহমানের পাঁচ দিন, তার স্ত্রী বীথীর সাত দিন, গৃহকর্মী রূপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির বিরুদ্ধে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলেও ভুক্তভোগীপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় সরকারি সিদ্ধান্তে সাফিকুর রহমানকে বিমানের এমডি ও সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়।