চলতি ২০২৫–২৬ অর্থবছরে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসী আয় ছিল ৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩ শতাংশ।
এছাড়া এককভাবে ৯ ফেব্রুয়ারি দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে, আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল ১ হাজার ৬৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
ফলে চলতি অর্থবছরের এ পর্যন্ত সময়ে প্রবাসী আয়ে সামগ্রিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।