ভারত–পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট অঙ্গনে প্রতিফলিত হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের পর, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন।
এক টিভি অনুষ্ঠানে সাকলাইন বলেন, “একজন সাবেক খেলোয়াড় হয়ে রাজনীতিবিদদের মতো কথা বলা মোটেও মানানসই নয়। ক্রিকেটাররা সমাজের কাছে নায়ক, তাই তাদের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত।” তিনি সরাসরি কারও নাম না নিয়েও ভারতের কয়েকজন সাবেক খেলোয়াড়ের সমালোচনা করেছেন।
সাকলাইন আরও বলেন, ক্রিকেট একটি খেলা যেখানে মাঠে ভালো খেলার মাধ্যমে দুই দেশের দর্শকই প্রশংসা করে, কিন্তু কিছু সাবেক ক্রিকেটার বিভাজনমূলক বক্তব্য দিচ্ছেন। তার মতে, রাজনীতি রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, ক্রিকেটারদের নয়।
তিনি উল্লেখ করেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটে আগে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল, হয়তো তা আর ফিরে আসবে না। রাজনৈতিক স্বার্থের কারণে ইচ্ছাকৃতভাবে বৈরিতা বজায় রাখা হচ্ছে এবং কিছু পক্ষ অহেতুক নিজেদের আর্থিক অবদান নিয়ে অহংকার করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
এর আগে পাকিস্তান বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতবিরোধী ম্যাচ বয়কট ঘোষণা করেছিল। তবে আইসিসি, পিসিবি ও বিসিবির আলোচনার পর পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ।