১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইতিহাসিক ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি অনিশ্চয়তা দূর হয়েছে। চলতি মাসের শুরুতে পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে এই ম্যাচে না খেলার নির্দেশ দিয়েছিল। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরও কয়েকটি দেশের অনুরোধে পাকিস্তান সরকার বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে।
আইসিসির উদ্যোগে লাহোরে গত রোববার অনুষ্ঠিত বৈঠকে পিসিবি, বিসিবিসহ কয়েকটি সদস্য বোর্ড অংশ নেন। বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেন এবং সরকার শেষ পর্যন্ত ম্যাচ খেলার অনুমতি দেয়।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তান সরকারের কাছে চিঠি ও ফোনালাপের মাধ্যমে ম্যাচ খেলার জন্য অনুরোধ করেন। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, দুই দেশের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনায় পারস্পরিক সহযোগিতা এবং সংকটকালে একসঙ্গে থাকার বিষয়টি স্মরণ করা হয়েছে।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “কলম্বোতে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন হতে যাচ্ছে—এটি আনন্দের খবর।”
সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানায়। পাকিস্তান সরকার তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানায়।
সরকারি বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশগুলোর সমর্থন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাম্প্রতিক সংকটের কার্যকর সমাধান নিশ্চিত হয়।