• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

রির্পোটার / ২৫ পাঠক
আপডেট মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের প্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১১ ও ১২ ফেব্রুয়ারি সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় ওই দুই দিন সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি থাকবে, যাতে সরকারি-বেসরকারি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

১১ ও ১২ ফেব্রুয়ারির সাধারণ ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। ফলে গ্রাহকদের জরুরি ব্যাংকিং কার্যক্রম মঙ্গলবারের মধ্যেই সম্পন্ন করতে হবে

তবে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) এবং পয়েন্ট অব সেলস (পিওএস) সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক সূত্র।

দীর্ঘ ছুটির কারণে ব্যবসায়িক লেনদেনে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় অনেক গ্রাহক আগেভাগেই চেক ক্লিয়ারেন্স ও এলসি সংক্রান্ত কাজ শেষ করছেন। অর্থনীতিবিদরাও ছুটির আগে পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখার পরামর্শ দিয়েছেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবারও নিয়মিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম শুরু করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও