আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দরে বহিরাগমনাগমন কার্যক্রম বন্ধ থাকবে।
নির্বাচনকালীন সময়ে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যেন দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে এবং যাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তারা যেন সীমান্ত অতিক্রম করতে না পারে— সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবেও এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বর্ডার গার্ড বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনকালীন সময়ে সীমান্ত বন্ধ রাখলে নাশকতা ও অনুপ্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।