ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগের আদেশে এসব আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইলো না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম রিট করেন। হাইকোর্ট ওই রিট খারিজ করলে এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। মঙ্গলবার আপিল বিভাগ বিষয়টির শুনানি গ্রহণ করেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা রিট ও পরবর্তী লিভ টু আপিলও খারিজ করে দেন আদালত।
এদিকে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন আপিল বিভাগ।
ফলে সংশ্লিষ্ট তিন আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকলো না।