বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য এসেছে। নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআর) ৫৫তম আসরে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। উৎসবটির মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে ১২টি আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার লাভ করে সিনেমাটি।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। পুরস্কার ঘোষণার পর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুরো টিমকে অভিনন্দন জানিয়ে একে দেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
উৎসবে ‘মাস্টার’ ১, ২ ও ৪ ফেব্রুয়ারি প্রদর্শিত হয়েছে এবং সর্বশেষ প্রদর্শনী হয় ৭ ফেব্রুয়ারি। উৎসবে অংশ নিতে পরিচালকসহ অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম জানুয়ারির শেষ দিকে নেদারল্যান্ডস যান।
১২২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। ছবিটি একজন স্কুলশিক্ষক থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া চরিত্রের উত্থান, স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত।
উল্লেখ্য, এর আগে রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে পুরস্কার পেয়েছিল।